Sunday, 14 June 2026

পূর্বধলায় টোকাই ছদ্মবেশে দিনের দুপুরে দুর্ধর্ষ চুরি; ১২ লাখ টাকার মালামাল লুট

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দিনের দুপুরে টোকাই ছদ্মবেশে বসতঘরে প্রবেশ করে পরিকল্পিতভাবে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

ভুক্তভোগী বিপুল কুমার বনিক উপজেলার গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ১৬ এপ্রিল সকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ময়মনসিংহ যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো। পরে দেখা যায়, চোরেরা রান্নাঘরের পশ্চিম পাশের টিন কেটে ভেতরে প্রবেশ করেছে।

পাশের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১টা ১৩ মিনিটের দিকে টোকাই বেশে এক পুরুষ ও দুই নারী খালি বস্তা নিয়ে ঘরে প্রবেশ করে। প্রায় ২০ মিনিট পর তারা তিন বস্তা মালামাল নিয়ে বের হয়ে যায়। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে তারা পুনরায় ঘরে ঢুকে দীর্ঘ সময় অবস্থান করে এবং সন্ধ্যার আগে বেরিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, ঘর থেকে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকার, কাঁসা-পিতলের বাসনপত্র ও কাপড়সহ প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আজ ১৮ এপ্রিল দুপুরে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।