Sunday, 14 June 2026

পূর্বধলায় শ্মশানের আগুনে পুড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া

নেত্রকোনার পূর্বধলায় একটি অস্থায়ী শ্মশানের আগুনে পুড়ে শ্যামল চন্দ্র সেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার হোগলা ইউনিয়নের পাটরা পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত শ্যামল চন্দ্র সেন ওই গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র সেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নিহতের চাচাতো ভাই শংকর সেন শ্মশানে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে শ্মশানের পাশেই শ্যামলকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

​তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গাজীপুর এলাকায় পৌঁছালে পথেই তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বাবার মৃত্যুর পর থেকেই শ্যামল মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং গত দুই বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। তিনি বিবাহিত এবং তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।