আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত করতে পরিবহন খাতের মালিক, শ্রমিক ও চালকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা করেছে পূর্বধলা থানা পুলিশ। আজ রবিবার (২৪ মে) বিকেল ৪টায় পূর্বধলা থানা প্রাঙ্গণে এই সময়োপযোগী সভার আয়োজন করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় ঈদযাত্রায় সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা, সড়কে সব ধরণের চাঁদাবাজি প্রতিরোধ, বেপরোয়া গতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকা এবং ফিটনেসবিহীন গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়।
এছাড়া ঈদযাত্রায় যাত্রীরা যাতে মহাসড়ক বা লোকাল বাস-স্ট্যান্ডগুলোতে ‘অজ্ঞান পার্টি’ ও ‘মলম পার্টি’র খপ্পরে না পড়েন, সে লক্ষ্যে চালক ও হেলপারদের বিশেষ সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় পূর্বধলা উপজেলা শ্রমিক দলের সভাপতি তাহের ফকিরসহ উপজেলার বিভিন্ন রুটের পরিবহন খাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, পরিবহন মালিক, চালক ও সাধারণ শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে এক টাকাও বাড়তি ভাড়া আদায় করা যাবে না। যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজির শিকার না হন, সে বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতিতে মাঠে রয়েছে। যদি কোনো পরিবহনের বিরুদ্ধে নিয়ম ভাঙার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে চালক বা মালিকের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি আরও জানান, পূর্বধলা থানা এলাকার অভ্যন্তরে যে কোনো গণপরিবহন, সিএনজি বা বাস-স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের বা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে যাত্রীদের সরাসরি পুলিশের বিশেষ হটলাইন নম্বর ০১৩২০-১০৪৩২০-এ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।