নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ঝটিকা মিছিল, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং যানবাহন ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।
শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাংলাদেশ মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা সদরের রাজপাড়া এলাকার রফিকুল ইসলাম খোকন (৪৯), লেটিরকান্দা গ্রামের মাসুদ রানা (২২), কাপাসিয়া গ্রামের শাহজাহান (৪৪), জামাইকোনা গ্রামের আতাউর রহমান (৪৫), পূর্বধলা বালিকা বিদ্যালয় রোড এলাকার মাজহারুল ইসলাম প্রিন্স (২৮) এবং শালদিঘা গ্রামের হযরত আলী (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশের দাবি, মিছিলকে কেন্দ্র করে সরকারবিরোধী কর্মকাণ্ড, অন্তর্ঘাতমূলক তৎপরতা এবং যানবাহন ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল হক বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় মাসুদ রানাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঝটিকা মিছিল, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং যানবাহন ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
তবে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদনের জন্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
