যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পূর্বধলায় যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ – পূর্বধলার দর্পন
সর্বশেষ

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পূর্বধলায় যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ

📅 আপডেট: ০৭ জুন ২০২৬, ২৩:১২ 👁️ পড়া হয়েছে: ৫ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

বিকেল ৫টায় পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ব্যানার-ফেস্টুন সংবলিত এবং গগনবিদারী স্লোগানে মুখরিত আনন্দ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র জামতলা মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পূর্বধলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। দীর্ঘ দিন পর যুবদলের এই বৃহৎ শোডাউনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো

​সভাপতির বক্তব্যে ফিরোজ তালুকদার বলেন, “যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি তৃণমূলের সাধারণ নেতা-কর্মীদের মনে নতুন প্রাণের সঞ্চার ও উদ্দীপনা সৃষ্টি করেছে। এই সুযোগ্য ও ত্যাগী কমিটির দূরদর্শী নেতৃত্বে যুবদল অতীতের যেকোনো সময়ের চেয়ে মাঠপর্যায়ে আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে।”

​সঞ্চালক ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো তাঁর বক্তব্যে বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দলের ঘোষিত আগামী দিনের যেকোনো রাজপথের কর্মসূচি বাস্তবায়নে পূর্বধলা যুবদলের নেতা-কর্মীরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নতুন এই কেন্দ্রীয় কমিটি তরুণ সমাজকে রাজপথে সংগঠিত করতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।”

​সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা নবগঠিত কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত আনন্দ মিছিল ও সমাবেশে উপজেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন— যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ নয়ন, শাহজাহান, নয়ন মিয়া, জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম গাফ্ফার, মানিক, হক মিয়া, লাক মিয়া, দেলোয়ার, শফিকুল, মাইনুদ্দিন, আতাউর, খাইরুল, সুমন, সায়েদুল, ডালিম, মঞ্জু, উজ্জ্বল, রনি, অপু, জহিরুল, সজিব, বেলাল, মতিউরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।