নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং এক চিকিৎসকসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আজ শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘আল্লাহ দান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই আয়নাল হক (৫৭) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি পূর্বধলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মৃত্যু হয়।
আহতদের মধ্যে রয়েছেন: ডা. সারা তাবাসসুম উর্মি: পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। মোল্লা মিয়া (৪৫): দক্ষিণ কালডোয়ার গ্রামের বাসিন্দা। মো. মনির হোসেন (২৩): ময়মনসিংহের ফুলপুর এলাকার বাসিন্দা।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।