পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
আজ রোববার জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী যৌথভাবে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়ি ভাঙচুরের বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুল রহমান পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান মিলকি এবং জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, গাড়ি ভাঙচুরের ঘটনাটি কেন এবং কাদের মাধ্যমে ঘটেছে, তা খতিয়ে দেখতেই এই কমিটি। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোণা জেলা বিএনপির একজন নেতা বলেন, দলের একজন সংসদ সদস্যের ওপর এমন হামলা বা গাড়ি ভাঙচুরের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।