জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহ-সভাপতি আল রাশেদ প্রধান কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনার পূর্বধলা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলা সদরের খাদ্যগুদাম রোড মোড় থেকে মিছিলটি শুরু হয়। ক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি থানা রোড, জামতলা ও খাদ্যগুদাম এলাকা ঘুরে পুনরায় স্টেশন মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, বিকাশ ঘোষ ও আব্দুল্লাহ আল হেলালী। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ ও যুগ্ম আহ্বায়ক সোলেমান কবির পাপ্পুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে প্রধান বক্তা ইসতিয়াক আহমেদ বাবু বলেন, “তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধান যে কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। এই অশালীন বক্তব্য আমাদের নেতাকর্মীদের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা অবিলম্বে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করে আল রাশেদ প্রধানের ছবিতে জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এই ধরণের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ করা হলে রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।