সাকিব আব্দুল্লাহঃ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার বাণিজ্যিক কেন্দ্র পাটবাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী মহসিন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের তালুকদার বলেন, “ব্যবসায়ীরা হলেন এলাকার অর্থনীতির প্রাণ। দীর্ঘদিন আপনারা বিভিন্ন নাগরিক সমস্যা ও বৈষম্যের শিকার হয়েছেন। আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা এবং পূর্বধলা বাজারকে একটি আধুনিক মডেল বাজারে পরিণত করব।”
ব্যবসায়ীদের পক্ষ থেকে ৭ দফা দাবি: মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীরা বাজারের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো তুলে ধরেন। তাদের প্রধান দাবি ও সমস্যাগুলো হলো:
১. বাজারের তীব্র যানজট নিরসন করা।
২. অচল ড্রেনেজ সিস্টেম সচল ও পানি নিষ্কাশন নিশ্চিত করা।
৩. কাঁচাবাজারের জন্য একটি স্থায়ী ও আলাদা মার্কেট নির্মাণ।
৪. বাজারের শৃঙ্খলা রক্ষায় আলাদা অটো স্ট্যান্ড স্থাপন।
৫. ভারী যান চলাচলের জন্য বাজারে বাইপাস সড়ক নির্মাণ।
৬. পূর্বধলাকে পৌরসভায় উন্নীত করার জোরালো দাবি।
৭. বাজারে ক্রমবর্ধমান চুরি প্রতিরোধে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।
ব্যবসায়ীদের এসব যৌক্তিক দাবির প্রেক্ষিতে আবু তাহের তালুকদার বলেন, “পৌরসভা গঠন থেকে শুরু করে ড্রেনেজ ও বাইপাস সড়কের প্রতিটি দাবি আমার নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পাবে। জনগণের রায় পেলে দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান করা হবে।”
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল ইসলাম আনার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, ব্যবসায়ী বিশ্বজিৎ রায়চৌধুরী, মোশারফ হোসেন, আবদুল মোমেন জুয়েল এবং গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার প্রমুখ।