আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. আবু তাহের তালুকদার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ইস্যু করা এই মনোনয়নপত্রে দেখা যায়, ১৬১ নেত্রকোণা-৫ নির্বাচনী এলাকা থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মো. আবু তাহের তালুকদারকে দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। পত্রে তাঁর ভোটার নম্বরও উল্লেখ করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বাক্ষরিত এই চিঠির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নেত্রকোণা-৫ (পূর্বধলা) সংসদীয় আসনের বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের ত্যাগী নেতা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়ায় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
পূর্বধলা আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় নির্বাচনী সমীকরণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, এই চূড়ান্ত মনোনয়নের মাধ্যমে তার অবসান হলো বলে ধারণা করা হচ্ছে। এখন আবু তাহের তালুকদারের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।